
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নির্বিঘ্ন ও শান্ত পরিবেশে সম্পন্ন করতে হাসপাতালের ভেতরে নেতাকর্মীদের ভিড় না করতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ নির্দেশনার কথা জানান।
তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তাই পরিবেশ স্বাভাবিক রাখতে হাসপাতালের ভেতরে এবং করিডোরে নেতাকর্মীদের জমায়েত না করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।এর আগে বিকেল থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ একে একে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। তাদের আগমন এবং খবরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে হাসপাতালের বাইরে। গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালের বাইরে অবস্থান করে নেত্রীর শারীরিক অবস্থার আপডেট জানার অপেক্ষায় থাকেন।
অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত ভিড় এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।


