শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

ধর্মের টানে অভিনয় ছাড়লেন চিত্রনায়িকা মৌ খান

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মৌ খান অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, ধর্মের টানে তিনি শোবিজ অঙ্গনকে বিদায় জানাচ্ছেন। বাকি জীবন ইসলামি রীতিনীতি মেনে কাটাতে চান বলে উল্লেখ করেন এই তারকা।

ফেসবুক পোস্টে মৌ খান লেখেন, “আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি, এজন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।” তিনি জানান, বহু চিন্তাভাবনা ও ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে তিনি অভিনয় ছাড়ার পথ বেছে নিয়েছেন।

অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “আমি আর অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত।” ভবিষ্যৎ জীবন ইসলামের নির্দেশনা অনুযায়ী কাটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মৌ খান লিখেছেন, “জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (স.)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।”তবে অভিনয় ছাড়লেও হাতে থাকা কাজগুলো নিয়ে দায়িত্বশীল অবস্থান বজায় রাখছেন এ অভিনেত্রী। তিনি জানান, যেসব সিনেমার কাজ এখনও অসম্পূর্ণ, সেগুলো পরিচালকদের সুবিধামতো সম্পন্ন করে নেওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি নিজের অংশের কাজ শেষ করার আশ্বাসও দিয়েছেন। মৌ খান লিখেছেন, “আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।”ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন, যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।”

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন মৌ খান। মোহাম্মদ আসলাম পরিচালিত ওই ছবিতে তার সহশিল্পী ছিলেন জায়েদ খান ও শাহরিয়াজ। পরবর্তীতে তিনি অভিনয় করেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘অমানুষ হলো মানুষ’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন ডিপজল ও জয় চৌধুরী।শুধু চলচ্চিত্র নয়, ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের নজর কাড়েন মৌ।বর্তমানে তার হাতে থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘বাহাদুরী’, ‘যেমন বউ তেমন জামাই’, ‘তবুও প্রেম দামী’, ‘বাংলার হারকিউলিস’, ‘বান্ধব’ ও ‘জ্বলছি আমি’। এসব অসম্পূর্ণ কাজ চূড়ান্ত করার পরই তিনি পুরোপুরি শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

মৌ খানের অভিনয় ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার নতুন জীবনের পথচলায় সফলতা কামনা করেছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত