
কিডনি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে Chittagong Medical College Hospital-এর নেফ্রোলজি বিভাগে ৪টি আধুনিক ডায়ালাইসিস মেশিন সংযোজন করা হয়েছে। শিল্পপ্রতিষ্ঠান KSRM-এর অর্থায়নে এসব মেশিন ও প্রয়োজনীয় ডায়ালাইসিস এক্সেসরিজ প্রদান করা হয়।
সোমবার হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে (নেফ্রোলজি বিভাগ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ডায়ালাইসিস মেশিনগুলোর উদ্বোধন করেন Shahadat Hossain।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নবাব সিরাজউদ্দৌলা।উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নতুন এই ডায়ালাইসিস মেশিনগুলো চালু হওয়ার ফলে কিডনি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও দ্রুত হবে। একই সঙ্গে হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সক্ষমতাও বৃদ্ধি পাবে।তিনি রোগীদের কল্যাণে কেএসআরএমের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক দায়িত্বমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক (ডা.) মো. আব্দুর রব, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) নূরুল হুদা, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমদ, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম লিটন, কেএসআরএমের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দীন আহমেদ, নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল হায়দার চৌধুরী এবং ডা. রফিকুল হাসানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, নতুন ডায়ালাইসিস মেশিনগুলো চালুর ফলে প্রতিদিন আরও বেশি সংখ্যক কিডনি রোগী উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে দীর্ঘদিন ধরে চিকিৎসার অপেক্ষায় থাকা রোগীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।


