
মহান স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় দুইজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসককে সম্মাননা প্রদান করেছে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন—চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. মুহাম্মদ গোফরানুল হক এবং সাউদার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মুলকুতুর রহমান। বর্তমানে তাঁরা দুজনই চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। উপস্থাপনায় ছিলেন উপ-রেজিস্ট্রার মোহাম্মদ ইখতিয়ারুল হক ও শাখা কর্মকর্তা মুহাম্মদ আসিফ আল হোছাইন। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোহাম্মদ ইখতিয়ারুল হক। এছাড়া স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃত্তি করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুর রহমান।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা তাঁদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি তুলে ধরেন। তাঁরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর দিকনির্দেশনায় চট্টগ্রাম অঞ্চল শত্রুমুক্ত করতে সক্রিয়ভাবে অংশ নেন। এর মধ্যে অধ্যাপক ডা. গোফরানুল হক মিরসরাই ও সীতাকুণ্ড এলাকায় এবং অধ্যাপক ডা. মুলকুতুর রহমান চট্টগ্রাম মহানগর এলাকায় যুদ্ধ করেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিন অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকরামুল হক খানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেষে ধন্যবাদ বক্তব্য দেন কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


