
রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলম (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আশরাফ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর।
এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে একাধিক আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মজিবর রহমানকে পাঠক ক্লাবে আটক করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনির চেষ্টা চালায়। তবে মোহনপুর থানা পুলিশের তৎপরতায় অভিযুক্তকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এ সময় জনতার রোষানলে পড়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুইজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


