
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার বিশেষ অভিযানে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত সিএনজি চালকসহ তিনজন আসামি পালিয়ে গেছে।
থানা সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে থানাধীন ফকিরটিলা এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।
এসময় একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে পাশের একটি সড়ক দিয়ে পালিয়ে যায়। পরে তারা পাহাড়ি এলাকায় সিএনজি রেখে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে দুটি একনলা বন্দুক উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও সিএনজিটি জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিএনজি চালককে মোঃ মিনহাজ (৩২) হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি ফকিরটিলা এলাকার মৃত বাচা আহাম্মদের ছেলে।বর্তমানে সিএনজি চালকসহ অজ্ঞাতনামা আরও দুইজন আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


