
রাজধানীর আফতাবনগরের জামতলায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল-এর স্পোর্টস চেইন শপ দুরন্ত স্পোর্টস গ্যালারির নতুন শোরুম চালু হয়েছে। সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল নতুন শোরুমটির উদ্বোধন করেন।নতুন এ শোরুমে বিভিন্ন ধরনের স্পোর্টসওয়্যার, স্পোর্টস ফুটওয়্যার, বাইসাইকেল ও বাইসাইকেল অ্যাক্সেসরিজ, ফিটনেস সামগ্রী এবং ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যাবে। পেশাদার ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সব বয়সী ক্রেতাদের চাহিদা বিবেচনায় নিয়ে শোরুমটি সাজানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘দুরন্ত স্পোর্টস গ্যালারির লক্ষ্য দেশজুড়ে মানসম্মত স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য করা। আফতাবনগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নতুন শোরুম চালুর মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে উন্নতমানের ক্রীড়া সামগ্রী পৌঁছে দিতে পারব বলে বিশ্বাস করি।’তিনি আরও বলেন, ‘খেলাধুলা সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আধুনিক ও মানসম্পন্ন ক্রীড়া সরঞ্জাম সহজলভ্য করার পাশাপাশি দেশে খেলাধুলা ও ফিটনেস সংস্কৃতি আরও বিস্তারে আমরা কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে দুরন্ত স্পোর্টস গ্যালারির বিজনেস হেড গনি মঞ্জু, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার রানী হামিদ, বাংলাদেশ নারী জাতীয় দাবা দলের অধিনায়ক মাহমুদা হক চৌধুরী (মলি), ডব্লিউবিসি এশিয়া কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হাসান সিকদার, ফিট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ রাসেলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।ভোক্তাদের হাতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করে দুরন্ত স্পোর্টস গ্যালারি। এরপর থেকে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করে আসছে।
বর্তমানে রাজধানীসহ সারাদেশে দুরন্ত স্পোর্টস গ্যালারির ১৬০টিরও বেশি শোরুম রয়েছে। এসব শোরুমের মাধ্যমে বিভিন্ন বয়সী মানুষের কাছে ক্রীড়া ও ফিটনেস সামগ্রী সহজলভ্য করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ক্রীড়া ও ফিটনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত থাকবে। আধুনিক ও মানসম্মত ক্রীড়া সরঞ্জাম সহজলভ্য করার মাধ্যমে দেশের মানুষের মধ্যে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের সংস্কৃতি আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য।


