
যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনা এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে নেতৃত্ব দেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বেনাপোল পোর্ট থানার ওসি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ আরও জানিয়েছে, মফিজুর রহমানের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা ও একটি সিআর মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।


