
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট) নটরডেম কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ফকিরাপুল হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন।সমাবেশে গোলাম মওলা শাহীন বলেন, তারেক রহমান ১৮০ দিনের উন্নয়নের একটি পরিকল্পনা দিয়েছিলেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি ছিল।তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের বিষয়টি অবহেলা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মসজিদ ও মাদরাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে যুবদলের এই নেতা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ব একটি যুদ্ধের দিকে এগিয়ে যায়। বর্তমানে গ্যাস ও বিদ্যুতের যে সংকট চলছে, তা মূলত আন্তর্জাতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে। তেলের সরবরাহও ব্যাহত হচ্ছে।গোলাম মওলা শাহীন বলেন, এসব সংকটের মধ্যেও বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে তারেক রহমানের সরকারকে সময় দিচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ সরকারকে আরও সময় দেবেন এবং অতি শিগগিরই বিদ্যুৎ ও গ্যাসের সংকট অনেকখানি সমাধান হবে।দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি সরকারকে আপনারা আরও কিছু সময় দিন। ইনশাআল্লাহ, অতি দ্রুত আপনাদের চলমান সমস্যাগুলোর বেশিরভাগই তারেক রহমান সমাধান করতে পারবেন।’


