রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

বাসে আগুন, চালক-সহকারীর পালিয়ে যাওয়ার অভিযোগ যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি ডাবল ডেকার এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।রামু হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। একই সঙ্গে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটিতে আগুন লাগার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।যাত্রীদের অভিযোগ, বাসে আগুন লাগার পর চালক ও তাঁর সহকারী বাস থেকে নেমে পালিয়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।আগুন লাগার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাসের যাত্রী রায়হান বলেন, ‘বাসে করে ঢাকা যাচ্ছিলাম। গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা চালকের সহকারী আমাদের জানাননি। প্রথমে পোড়া গন্ধ পাই। পরে আগুন দেখতে পাই। এরপর স্থানীয়রা আমাদের উদ্ধারে এগিয়ে আসেন।’আরেক যাত্রী মো. সোহেল রানা বলেন, ‘পরিবারের সাতজন কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। গাড়ির ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা জানালার কাচ ভেঙে আমাদের উদ্ধার করেন।’

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করা হতে পারে বলে জানা গেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত