রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৯৫

নিজস্ব প্রতিবেদক

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৬১ জন নেপালি নাগরিক এবং ৩৪১ জন বিদেশি। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ রয়েছেন।

নিখোঁজ বিদেশি নাগরিকরা অন্তত ২৬টি দেশের বলে জানিয়েছে ট্যুরিজম বোর্ড। তাঁদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। ট্যুর অপারেটরদের উদ্ধৃত করে ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের একটি বড় অংশ ভারতের সীমান্তের কাছে তিব্বতের মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল-চীন সীমান্তের একাধিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভোতে কোশি নদীর তীরবর্তী রসুয়া ও নুওয়াকোট জেলার বিভিন্ন বসতিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। বন্যার পানিতে গুরুত্বপূর্ণ সড়ক, সেতু, বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রম ব্যাহত হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের অবস্থান শনাক্ত এবং জীবিতদের উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে। তবে দুর্যোগের ব্যাপকতার কারণে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনারও বাইরে’। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিখোঁজদের জীবিত উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। নেপালের ভোতে কোশি নদীর তীরবর্তী এলাকাগুলো দেশটির সঙ্গে চীনের বাণিজ্যিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী এসব এলাকায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

উদ্ধারকারী দলগুলো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত