সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
spot_img

চট্টগ্রাম ওয়াসায় পিপিপি প্রশিক্ষণ বুটক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচির আওতায় চট্টগ্রামে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রশিক্ষণ বুটক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রামের একটি হোটেলে শনিবার (৩০ আগস্ট) তিন দিনব্যাপী ‘Public-Private Partnerships Project Development Bootcamp’-এর উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম। প্রশিক্ষণটি চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।এতে চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধিদের পাশাপাশি চট্টগ্রাম ওয়াসার ২০ জন প্রকৌশলী অংশ নিচ্ছেন। কর্মসূচিটি বৃহত্তর বাংলাদেশ-নেদারল্যান্ডস অংশীদারত্বের অংশ হিসেবে ‘Partners for Water’ ও Kingdom of the Netherlands-এর দূতাবাসের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্ন করা, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং প্রশিক্ষণের অর্জিত জ্ঞান চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে কীভাবে প্রয়োগ করা যায়—সে বিষয়ে ভাবতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রামের ক্রমাগত উন্নয়নের সঙ্গে নির্ভরযোগ্য ও টেকসই পানি এবং পয়ঃনিষ্কাশন সেবার চাহিদাও বাড়ছে। এ চাহিদা পূরণে শুধু কারিগরি সমাধান যথেষ্ট নয়; আর্থিক ও বাণিজ্যিকভাবে সম্ভাবনাময়, সাশ্রয়ী এবং সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা সমৃদ্ধ প্রকল্প প্রয়োজন।

পিপিপি দক্ষতা, অর্থায়ন ও দীর্ঘমেয়াদি পরিচালন সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি প্রকল্পের জন্য পিপিপি সবসময় উপযুক্ত সমাধান নয়। প্রকল্পের সাফল্যের জন্য যথাযথ মূল্যায়ন, ঝুঁকি বণ্টন, নির্ভরযোগ্য পরিশোধ ব্যবস্থা, সুস্পষ্ট কর্মদক্ষতার শর্ত এবং সরকারি-বেসরকারি অংশীদারদের কার্যকর সহযোগিতা প্রয়োজন।বুটক্যাম্পে ব্যবহারিক অনুশীলন, দরকষাকষি ও আলোচনা মাধ্যমে পিপিপি প্রকল্প উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রশিক্ষণ পরিচালনা করছেন নেদারল্যান্ডসের Delfluent Services-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক বরিস নিফইয়েস (Boris Neefjes) এবং Infrastructure Investment Facilitation Company-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। চট্টগ্রাম ওয়াসার পক্ষে এ কার্যক্রমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন।ওয়াসার এমডি চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সর্বোত্তম চর্চা ও অর্জিত শিক্ষা বিনিময়ের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান আরও কার্যকর পিপিপি প্রকল্প গড়ে তুলতে পারে। এর মাধ্যমে চট্টগ্রামের মানুষের পানি ও পয়ঃনিষ্কাশন সেবার চাহিদা পূরণে যৌথ দায়িত্ব পালনে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।এ ধরনের কার্যক্রম আয়োজনের জন্য নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমিকে ধন্যবাদ জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত