সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
spot_img

৯২ পুলিশ সদস্য পাচ্ছেন চার ক্যাটাগরির পুলিশ পদক

নিজস্ব প্রতিবেদক

সাহস ও বীরত্ব প্রদর্শন, দায়িত্ব পালনে অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশের ৯২ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পদকপ্রাপ্তদের তালিকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন পুলিশ-২ শাখার উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাহসিকতা, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে এসব পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্য পদকের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সাহসিকতা পাচ্ছেন ১২ জন, বিপিএম-সেবা ১৮ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা ১৮ জন এবং পিপিএম-সেবা পাচ্ছেন ৪৪ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রায় এক বছরের কর্মতৎপরতার ভিত্তিতে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, সাহসিকতা, সেবার মান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পদক প্রদানের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং বিশেষ অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এসব পদক প্রদান করা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত