
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (৩০ আগস্ট) বেনাপোল আইসিপি (চেকপোস্ট) ও আমড়াখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।বিজিবি জানায়, অভিযানে ৮০ পিস ভারতীয় শাড়ি, ৩২টি শাড়ি, ৯৭ কেজি ফুচকা, ৩ কেজি কিসমিস, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৪৪৩টি কসমেটিকসসহ সনপাপড়ি, চাটনি ও পেস্তাবাদাম জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।তিনি বলেন, এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


