
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে পরিচালিত অভিযানে তাদের দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।
বিআরটিএ জানায়, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২-এর অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।এ ছাড়া নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন মোড়ে পৃথক অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপও আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা অভিযানে নেতৃত্ব দেন।


