বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন সড়কে নির্মাণাধীন দেশের প্রথম সাইকেল ট্র্যাকের কাজ প্রায় শেষ হয়েছে। শিগগিরই এটি উদ্বোধন করে নগরবাসী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, চসিকের ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়ন করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের এ সড়কের দুই পাশে ফুটপাত, মাঝখানে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, পৃথক সাইকেল লেন থাকায় সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি নগরীতে পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ তৈরি হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষ উৎসাহিত হবে।

মেয়র আরও বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিদিন দেশি-বিদেশি বিপুলসংখ্যক যাত্রী এ সড়ক ব্যবহার করেন। তাই বিমানবন্দর ও পতেঙ্গা এলাকার যোগাযোগব্যবস্থাকে নিরাপদ, নান্দনিক ও পরিবেশবান্ধব করা প্রয়োজন। পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সাইকেল চলাচলের সুযোগ বাড়লে পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে সমুদ্রতীরবর্তী এলাকা ঘুরে দেখতে পারবেন বলে জানান মেয়র। এতে সাইকেলভিত্তিক পর্যটনেরও সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আধুনিক নগর পরিকল্পনায় শুধু সড়ক নির্মাণ নয়, নিরাপদ ফুটপাত, সাইকেল লেন, পথচারীবান্ধব অবকাঠামো ও সবুজায়নও গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ, চট্টগ্রাম

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত