বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

চট্টগ্রামের ২৫ বছরের মহাপরিকল্পনা নিয়ে সিডিএ-রিহ্যাবের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ২০২৫–২০৫০ মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম শহরের ভবিষ্যৎ সম্প্রসারণ, পরিকল্পিত আবাসন, সুউচ্চ ভবন নির্মাণ, যোগাযোগব্যবস্থা, নগর ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত খসড়া মহাপরিকল্পনায় চট্টগ্রামের বর্তমান নগরসীমা আরও বিস্তৃত করে সীতাকুণ্ড, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারাকে বৃহত্তর মেট্রোপলিটন এলাকার পরিকল্পনার আওতায় আনার বিষয়টি তুলে ধরা হয়। এসব এলাকাকে বিভিন্ন জোনে ভাগ করে আবাসন, বাণিজ্য, শিল্প, যোগাযোগ ও নাগরিক সুবিধার সমন্বয়ে পরিকল্পিত নগর কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন সিডিএর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টার প্ল্যান প্রকল্পের পরিচালক মো. আবু ঈসা আনছারী। সভায় রিহ্যাব চেয়ারম্যান বলেন, বিপুল জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সিডিএর সহযোগিতা প্রয়োজন।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রামকে এগিয়ে নিতে নগর উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবতার সঙ্গে সমন্বয় করতে হবে। নান্দনিক ও সুউচ্চ ভবন নির্মাণের পাশাপাশি পরিকল্পিত নগরায়ণে আবাসন খাতের উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বক্তারা বলেন, চট্টগ্রামের ভবিষ্যৎ নগরায়ণ শুধু আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। যোগাযোগ, পরিবেশ, নাগরিক সেবা, ভূমির ব্যবহার ও জনসংখ্যার চাপ বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সরকারি সংস্থা, আবাসন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় রিহ্যাবের পরিচালক সারিস্থ বিনতে নুর, এ এস এম আবদুল গাফফার মিয়াজীসহ রিহ্যাবের সদস্যরা এবং সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাস্টার প্ল্যান প্রকল্পের পরামর্শকরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ, চট্টগ্রাম

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত