
ঢাকা প্রতিনিধি, নোঙর নিউজ: রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন সাকিবুল হাসান (১৯), সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, মামলায় দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ রয়েছে।শনিবার দুপুরে একদল তরুণ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লাগিয়ে তা মুছে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় পুলিশ বাধা দিলে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। ঘটনাস্থলে উপস্থিত এক নারী ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানাতে এ কাজ করছেন বলে দাবি করেন। পরে আ ন ম আয়াসের নেতৃত্বে স্লোগান চলাকালে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর ওই দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প-সাহিত্যে অবদান রাখা ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।শুক্রবার ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজ থেকে সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি আঁকা নিয়ে আপত্তি তোলা হয়। তাঁদের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে পেজটিতে সমালোচনা করা হয়। এর পরদিন প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টার ঘটনা ঘটে।ঘটনাটি নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে মামলার অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

