
কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক শামশুল আলম (৫৪)। সোমবার দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় ভরে তিনি চকরিয়া থানায় যান।
শামশুল আলম চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম, যিনি তাঁর প্রতিবেশী।
অভিযোগ সূত্রে জানা যায়, শামশুল আলমের দুটি পোষা বিড়াল রয়েছে। সোমবার সকালে বাড়ির পেছনে ছাগল বাঁধতে গেলে একটি বিড়াল তাঁর সঙ্গে যায়। এ সময় ফিরোজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে তাড়িয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।
শামশুল আলম বলেন, অনেক আদর-যত্নে বিড়াল দুটি লালন-পালন করেছেন তিনি। তুচ্ছ ঘটনায় একটি বিড়ালকে পিটিয়ে হত্যার বিচার চান তিনি, যাতে ভবিষ্যতে কেউ অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করতে সাহস না পায়।
অভিযোগের বিষয়ে জানতে ফিরোজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

