
পদ্মফুলের নকশা ও বর্ণিল আলোকসজ্জায় নগরীর সৌন্দর্যে নতুন মাত্রা
চট্টগ্রাম নগরীর সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের অংশ হিসেবে নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনের সড়কে দৃষ্টিনন্দন আলোকসজ্জিত গোলচত্বর নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
পদ্মফুলের মনোমুগ্ধকর নকশা, বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক স্থাপত্যে সাজানো এই গোলচত্বর নগরীর সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। বৌদ্ধ দর্শনের মৈত্রী, করুণা, অহিংসা ও শান্তির আদর্শের সঙ্গে পদ্মফুলের প্রতীকী সৌন্দর্য স্থাপনাটিকে দিয়েছে ভিন্ন আবহ।
চসিকের এই উদ্যোগকে নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্যও এই স্থাপনার নান্দনিকতায় প্রতিফলিত হয়েছে।
শান্তি, সম্প্রীতি ও সৌন্দর্যের সমন্বয়ে চট্টগ্রামকে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নগরবাসীর।

