বুধবার, নভেম্বর ৪, ২০২৬

ঢাকায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত দখল করলে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে উচ্ছেদ করা দোকানের মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পর্যাপ্ত পুলিশ সদস্যের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পরিদর্শন শেষে প্রশাসক বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। হকারদের এসব নির্ধারিত স্থানেই ব্যবসা পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো সড়ক পরিষ্কার রাখা হবে। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। হকারদের সতর্ক করার বিষয়ে আবদুস সালাম বলেন, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও অনেকে আবার একই স্থানে বসছেন। এ কারণে এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম অমান্য করে ফুটপাত বা সড়কে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

ডিএসসিসি জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত