বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

ফিলিস্তিন প্রশ্নে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বিলুপ্তির পথে: জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ফিলিস্তিন-ইসরাইল সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখন ‘প্রায় বিলুপ্তির পথে’। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই সমাধান আজ রাজনৈতিক প্রতিশ্রুতির দিক থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে।

গুতেরেস বলেন, “আমরা এমন এক মৌলিক পরিবর্তনের মুখোমুখি, যেখানে সহিংসতা, অস্থিরতা ও সম্ভাবনা একসঙ্গে অবস্থান করছে। কিন্তু টেকসই শান্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিষয়—দুইটি স্বাধীন রাষ্ট্র, যারা শান্তিপূর্ণভাবে পাশাপাশি অবস্থান করবে এবং রাজধানী হবে জেরুজালেম।”

তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সংঘর্ষ, পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযান এবং পূর্ব জেরুজালেমসহ বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। এসবই ঘটছে দায়মুক্তির পরিবেশে।

গুতেরেস বলেন, “বিশ্ব বসে থেকে দুই রাষ্ট্র সমাধানের অবলুপ্তি দেখতে পারে না। আমাদের সামনে তিনটি পথ রয়েছে—নীরব থাকা, আত্মসমর্পণ করা কিংবা সক্রিয় পদক্ষেপ নেওয়া।”

তিনি ইসরাইলি কর্মকর্তাদের সেই বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যেখানে মানবিক সাহায্যকে সামরিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি ইউএনআরডব্লিউএসহ সব ধরনের মানবিক সহায়তায় বাধা না দেওয়ার আহ্বান জানান।

মহাসচিব আরও বলেন, “দখলদার শক্তি হিসেবে ইসরাইলের খাদ্য, চিকিৎসাসেবা, ত্রাণ সরবরাহ এবং মানবিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায় রয়েছে।” তিনি সদস্য রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক আইন রক্ষায় প্রভাব খাটানোর এবং দায়মুক্তির সংস্কৃতি বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জুনে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের সম্মেলনে আন্তর্জাতিক সমর্থন পুনরুজ্জীবিত হতে পারে।

শেষে মহাসচিব বলেন, “এখন কেবল বক্তব্যে নয়, বাস্তব পদক্ষেপেই সাহস দেখানোর সময়। কারণ ফিলিস্তিন প্রশ্ন শুধু একটি জাতির নয়—এটি মানবতার প্রশ্ন।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত