
কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে এবার পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিলো ভারত। এনডিটিভির খবরে বলা হয়, বুধবার (৩০ এপ্রিল) নয়াদিল্লি থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে পাকিস্তানের মালিকানাধীন এবং পরিচালিত কোনো বিমান ভারতীয় আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
এতে বলা হয়, বাণিজ্যিক ও সামরিক উভয় ধরনের পাকিস্তানি উড়োজাহাজ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এর আগে পাকিস্তানও ভারতের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানের নিবন্ধিত বা সেখানকার কোনো সংস্থার মালিকানাধীন ও পরিচালিত উড়োজাহাজ—হোক তা বাণিজ্যিক কিংবা সামরিক, ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়ার গন্তব্যে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, ফলে বাড়বে সময় ও ব্যয়।
অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ভারতের বিমান সংস্থাগুলোও একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। চিরবৈরী প্রতিবেশী দুই দেশের এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দক্ষিণ এশিয়ার আকাশপথে বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


