
চট্টগ্রাম হালিশহর থানাধীন বড়পুল সিএসডি গোডাউন রেল লাইন সংলগ্ন বশির মিস্ত্রীর গ্যারেজে গত ৬ জুন বিকাল ৪.৩০ ঘটিকায় ২২০টি কাপড়ের রোল ভর্তি কাভার্ডভ্যান চট্টঃমেট্রোঃ ট-১১-৭২৮১ গাড়ীটি রেখে গাড়ীর ড্রাইভার ঈদ-উল-আযহা উদযাপনের জন্য বাসায় যায়। পরবর্তীতে গত ০৮ জুন বিকাল ৪.৩০ ঘটিকায় গাড়ীর ড্রাইভার গ্যারেজে এসে গাড়ীর পিছনের দরজার লক খোলা দেখলে মালের মালিকপক্ষকে অবগত করলে মালিকপক্ষ কাপড়ের রোল গণনা করে ৫১টি কাপড়ের রোল চুরি হওয়ার বিষয়ে নিশ্চিত হয়। উক্ত ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে ডিবি (পশ্চিম) বিভাগের একটি চৌকস টিম কর্তৃক চোরাই মালামাল উদ্ধারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সক্রিয় চোর চক্রের সদস্য মোঃ আকবর আলী, মোঃ শহিদুল ইসলাম জীবন, মোঃ আব্দুল করিম হৃদয়,মোঃ হাছান দেরকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপি’র কোতোয়ালী থানাধীন টেরী বাজারস্থ হাজী প্লাজা সংলগ্ন হাজী দুদু মিয়া মার্কেটের ৩য় তলা জনৈক রায়হান এর গোডাউন হতে চুরি হওয়া ৫১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়।


