
বন্দরনগরী চট্টগ্রামে আলোচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া নগরীর পাহাড়তলী মেম্বার হোটেলকে অসুস্থ কর ও নোংরা খাবার রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া হোম মেইড ফুডসকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।
সোমবার (৭ জুলাই) নগরের খুলশী ওয়্যারলেস এলাকার এ হোটেলে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
মেম্বার হোটেলে খাদ্যপণ্য ঢেকে না রাখা, খাদ্যপণ্যে তেলাপোকার বাচ্চা পড়ে থাকা, রান্নাঘরে প্রচুুর তেলাপোকা থাকায় ৩০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
পাশের হোম মেইড ফুডস নামের বেকারিকে নোংরা আবর্জনা, কারখানায় পোকামাকড় থাকা, বিস্কুট তৈরির ডো বা মণ্ডে পোকা মেশানো পাওয়া, পোকাসহ পাউরুটি তৈরি, অননুমোদিত কেমিক্যাল হাইড্রোজ ব্যবহারের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের কারখানা সিলগালা করা না হলেও সাত দিন উৎপাদন বন্ধের আদেশ দেওয়া হয়েছে।জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।


