
গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (GMCA)-এর আয়োজনে ওল্ডহামের দ্য গ্র্যান্ড ভেন্যুতে অত্যন্ত জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে এই আয়োজন একদিনের জন্য ম্যানচেস্টারকে পরিণত করে এক টুকরো ‘মিনি বাংলাদেশ’-এ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন GMCA চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সন।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী এবং মাফিজুর রহমান।
উৎসবে প্রায় ৩-৪ হাজার প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী গরুর মাংস, নলা ও চনার ডাল দিয়ে রান্না করা নানা পদ পরিবেশন করে চট্টগ্রামের ঘ্রাণ ও স্বাদ তুলে ধরা হয় এই প্রবাসভূমিতে। এটি ছিল GMCA’র সপ্তম মেজবান আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, টেমসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলর শিবলী আলম, চেস্টারের লর্ড মেয়র কাউন্সিলর শেরীন আখতার, মুরস, মোহাম্মদ জোবায়েদ হোসেন, মুজাহিদ খান ও ডিপুটি লিডার লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র ট্রাস্টি ব্যারিস্টার মনোয়ার হোসেন, চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, সেক্রেটারি মৌসুমী আফরিন, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আলমগীর, ট্রাস্টি শওকত মোহাম্মদ টিপু, মো. আলী রেজা, মনির মাহমুদ এবং লিভারপুল চট্টগ্রাম সমিতি ইউকে’র সভাপতি মো. ওসমান।
এছাড়া উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, চট্টগ্রাম সমিতি ইউকে, কক্সবাজার সমিতি ইউকে, সীতাকুণ্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে ও লিভারপুল চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ।
মেজবান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন GMCA’র প্রায় ২৫ জনের একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ টিম, যাঁরা পুরো আয়োজনকে সফল ও স্মরণীয় করে তোলেন।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলেন TV24Bangla ও PBTV C4Chatga।
প্রবাসে জন্ম নেওয়া এই মেজবান আয়োজন শুধু একটি ভোজ নয়, বরং এটি হয়ে উঠেছে চট্টগ্রামের সংস্কৃতি, সম্প্রীতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।


