
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে গেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বুধবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে প্রতিনিধি দলটি ইউনাইটেড হাসপাতালে পৌঁছায় বলে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে।
জানা গেছে, প্রতিনিধি দলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মোয়াযযম হোসাইন হেলালসহ ঢাকা মহানগরী উত্তর জামায়াতের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তারা বিএনপি মহাসচিবের শারীরিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নিতে বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারাও হাসপাতালে আসছেন বলে জানা গেছে।


