স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে নগরীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহদ্দারহাট নতুন চান্দগাঁও থানা সংলগ্ন ইউসিটিসির সামনে সড়কের মিডআইল্যান্ড ও থানার সামনের সংযোগ সড়কের মিডআইল্যান্ডে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব আবু সুফিয়ান। উদ্বোধক হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের সংকট বাংলাদেশকে চরম হুমকির মুখে ফেলেছে। এ সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রম সামাজিক আন্দোলনের রূপ নিতে হবে। বিশেষ করে চট্টগ্রামকে সবুজে রঙিন করতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক ও এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মো. মাসুদ রানা। কর্মসূচির সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন ৫ নং মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন আহমেদ, সংগঠনের সদস্য লায়ন মো. মাহতাবউদ্দিন, মুহাম্মদ জেবর মুল্লুক, আকতার হোসেন নিজামী, মোহাম্মদ আসিফ, এবং ইউসিটিসির মার্কেটিং হেড অভিমান ঘোষ দস্তিদার।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি ও উদ্বোধক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারা বিতরণ করেন। পরে সড়কের মিডআইল্যান্ডে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ইউসিটিসির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


