
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কার্যক্রম আজ বুধবার (২৭ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এদিন মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। একই সঙ্গে আদালত চাইলে আজ থেকেই সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সকালেই মামলার গ্রেফতার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ আরও ২৪ জন আসামি পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
এর আগে, গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে ২৮ জুলাই অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। ওই দিন আদালতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ মামলার সুনির্দিষ্ট অভিযোগ ও ঘটনার বিবরণ তুলে ধরেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়ে গত ২৪ জুন। পরে ৩০ জুন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র আমলে নেয়া হয়।
প্রসিকিউশন আশা করছে, মামলাটির বিচার দ্রুত সম্পন্ন হবে। অন্যদিকে পলাতক আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার পদক্ষেপ অব্যাহত রয়েছে।


