আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১,৩০০ জনের বেশি। সোমবার তালেবান সরকারের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় মধ্যরাতে (ইটি রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে) পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায়।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, “ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে আরও সময় লাগবে। দুর্গত এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান চলছে। শত শত মানুষকে উদ্ধারকাজে অংশ নিতে একত্র করা হয়েছে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি জানান, জালালাবাদ ও কুনারসহ নাঙ্গারহার প্রদেশে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। তিনি বলেন, “এখন পর্যন্ত ৬২২ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত এক হাজার জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ইউএসজিএস আরও জানায়, প্রধান ভূমিকম্পের পর থেকে সোমবার পর্যন্ত ওই অঞ্চলে ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ মাত্রার অন্তত পাঁচটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে আফগানিস্তানের পূর্বাঞ্চলেই ৫ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবারও একই অঞ্চলে আবারও বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।


