গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করবে বিএনপি। জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি মুক্তবাজার অর্থনীতি চালু করে অর্থনীতিতে বড় পরিবর্তন ঘটিয়েছিলেন।
তিনি অভিযোগ করেন, বিগত সময়ে বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা এবং ১ হাজার ৭০০ জনকে গুম ও খুন করা হয়েছে। তার ভাষ্য, এসবের মাধ্যমে দেশে ‘ভয়াবহ ফ্যাসিবাদ’ কায়েম হয়েছিল, তবে জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ আবার মুক্ত হয়েছে।
আগামী দিনের চ্যালেঞ্জ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সামনে যে নির্বাচন আসছে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি আরও জানান, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।


