
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় জড়ো হওয়ার অভিযোগে পাঁচ নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) বিকেলে মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের মধ্যে ওই ভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হয়েছেন—এমন সংবাদ পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্বদানকারী হিসেবে অ্যাডভোকেট উম্মে হাবিবাসহ মোট ১৫ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।আটক ব্যক্তিরা হলেন— অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), মো. ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রুপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন।পুলিশের তথ্য অনুযায়ী, অ্যাডভোকেট উম্মে হাবিবা বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য।
এছাড়া ইস্কান্দার মির্জা হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক, শুভ আইচ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক, কামেলা খানম রুপা চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।এছাড়া সুজলা অন্তরা চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক এবং শারমিনা ইয়াসমিন নিশু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।


