
সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অবৈধভাবে বিদেশযাত্রা বন্ধ এবং বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়। মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাঁদের দক্ষ করে তোলাও জরুরি। বিদেশে গিয়ে যেন কর্মীরা ভালোভাবে কাজ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব প্রশিক্ষণকেন্দ্রে পর্যাপ্ত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। ভাষাগত দক্ষতা ও প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা অর্জনের পর বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের মাধ্যমে কর্মীদের বিদেশে পাঠানো গেলে একদিকে যেমন প্রতারণা ও অবৈধ পথে বিদেশযাত্রা কমবে, অন্যদিকে কর্মীরাও তাঁদের শ্রমের যথাযথ মূল্য পাবেন। সরকারের এ উদ্যোগের ফলে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমার পাশাপাশি দক্ষ কর্মী তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


