
বয়স ৪১, তবুও রেকর্ড ভাঙার দৌড়ে থামছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে নতুন গোলের রেকর্ড গড়েছেন পর্তুগিজ এই কিংবদন্তি। শুক্রবার আল তাওয়ুনের বিপক্ষে আল নাসরের ২-১ ব্যবধানের জয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ। এর ফলে ১০৩ গোল করা মোহাম্মদ আল সাহলাউইকে ছাড়িয়ে ক্লাবটির লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল আল নাসর। ১১ মিনিটে গোল করে আল তাওয়ুনকে এগিয়ে দেন বাসেম মোহাম্মদ আলহুরাইজি। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কস্তার গোলে সমতায় ফেরে আল নাসর। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে রোনালদোর গোলেই আসে জয়। এই জয়ে সৌদি প্রো লিগে টানা চতুর্থ জয় পেল আল নাসর। রোনালদোর ব্যক্তিগত রেকর্ডও থেমে নেই। পেশাদার ফুটবলে তার মোট গোলসংখ্যা এখন ৯৭৮। প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার পেশাদার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ২২ গোল প্রয়োজন ৪১ বছর বয়সী এই তারকার।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি রোনালদোর দ্বিতীয় গোল।


