
ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি লালমোহন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালি শেষে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।দিনব্যাপী কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লালমোহনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।


