
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা দীর্ঘদিনের। বিশেষ করে একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে বিভিন্ন সময় নানা মন্তব্যের মুখে পড়েছেন তিনি। এবার নিজের জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে জানালেন, সম্পর্কের বারবার পাওয়া আঘাত তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমনকি একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিল তার।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?’
খুব অল্প বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একমাত্র সন্তান অভিমন্যু।প্রথম বিয়ের বিচ্ছেদের পর মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। একই বছর, ২০১৬ সালে তারা বিয়েও করেন। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় এক বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। শুরুতে সম্পর্ক ভালো থাকলেও পরবর্তী সময়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের এপ্রিলে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।বিয়ে-বিচ্ছেদের পাশাপাশি বিভিন্ন সময় একাধিক ব্যক্তির সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়েছে। তবে এসব বিষয়ে অভিনেত্রী বরাবরই নিজের কাজকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তার ভাষ্য, বর্তমানে তার মূল মনোযোগ অভিনয় ও কাজেই।
ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থী হন। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস মূল প্রতিবেদন


