
ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। ফেরত আসাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন। জানা যায়, প্রায় এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে এসব বাংলাদেশি ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় যান। পরে দেশটির পুলিশের হাতে আটক হয়ে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। সাজা শেষে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্পের একটি বেসরকারি শেল্টার হোমে তাদের আশ্রয় দেওয়া হয়।দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার তারা দেশে ফেরার সুযোগ পান। দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কথা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, এক থেকে দুই বছর আগে দালালের মাধ্যমে এসব বাংলাদেশি ভারতে গিয়েছিলেন। সেখানে পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে শেল্টার হোমে থাকার পর দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত আনা হয়েছে।
তিনি আরও জানান, আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। পরে যশোর মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার—এই তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করবে। যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের যশোরের শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।ফেরত আসা ৪৭ জনের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


