
ফেনী প্রতিনিধি:
কুমিল্লা থেকে চট্টগ্রামে গাঁজা পাচারের সময় ফেনীতে ১২ কেজি গাঁজাসহ মো. আবুল হোসেন ওয়াসিম (৩৭) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ফেনী সদর থানাধীন লালপোল এলাকায় স্টার হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সিঙ্গেল কেবিন পিকআপ চেকপোস্টের দিকে এগিয়ে এলে চালক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
আটক ওয়াসিম চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণকুল ইছানগর এলাকার বাসিন্দা। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে লুকানো একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে তিনটি বান্ডিলে থাকা মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


