
চট্টগ্রাম ডেস্ক: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা কমাতে চট্টগ্রামের হাটহাজারীতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের সড়কে চলাচলের নিয়ম, নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন দিক এবং সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার এবং ম্যানেজিং কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন হাকিমসহ সংশ্লিষ্টরা।
কর্মশালার শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নবম শ্রেণির ছাত্রী নুরজাহান প্রথম, নবম শ্রেণির ছাত্রী আফিফা সাউদ দ্বিতীয় এবং দশম শ্রেণির ছাত্রী রুপা বর্মণ তৃতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের বিআরটিএর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
ডেস্ক রিপোর্ট, নোঙর নিউজ, চট্টগ্রাম


