সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

সুন্দরবনে সাত জেলে অপহৃত, ‘ডন বাহিনীর’ পরিচয়ে মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর হাসখালী, চেলাকাটা ও হেতালবুনে খাল থেকে কাঁকড়া আহরণের সময় সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। রোববার ভোরে সংঘটিত এ ঘটনার পর অপহৃতদের স্বজনদের কাছে ‘ডন বাহিনীর’ পরিচয়ে মাথাপিছু ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মো. ফজলুল হক বলেন,
“বনদস্যু ডন বাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করেছে বলে আমরা শুনেছি। বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম এখন বনের ভেতরে রয়েছে; তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”

অপহৃত সাত জেলে ,আব্দুল আজিজ (৫০),আনারুল ইসলাম (২২),মজিবুল ইসলাম (৩৫),ইব্রাহিম হোসেন (45),নাজমুল হোসেন (৩৪),আনোয়ার হোসেন (৩২),শামীম হোসেন (৩৬) তারা সবাই শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের বাসিন্দা।

বনের ভেতর থেকে ফিরে আসা ফজের আলী জানান, “২ ডিসেম্বর কদমতলা বন অফিস থেকে বৈধ পাস নিয়ে সাতজনে বনে যাই। রোববার ভোরে কাঁকড়া ধরার সময় তিনটি নৌকায় করে ১০ জন অস্ত্রধারী এসে আমাদের ঘিরে ফেলে। নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয়ে তারা প্রতিজনকে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং একটি বিকাশ নম্বর (০১৭৪১৮৮২৬৫৭) দেয়।”

আরেক জেলে সবুজ হোসেন বলেন, “আমাদেরকে বাড়িতে খবর দিতে ছেড়ে দিয়েছে। সমিতি ও মহাজনের কাছ থেকে ঋণ করে আমরা বনে গিয়েছিলাম; এখন সহকর্মীদের ছাড়াতে মুক্তিপণের টাকা জোগাড় করতে হবে।”

ডন বাহিনীর পুনরুত্থান –জেলেদের দাবি, ২০১৮ সালে ‘ডন বাহিনী’ আত্মসমর্পণ করলেও ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আবার সুন্দরবনে দস্যুতা শুরু করেছে। বাহিনী প্রধানের বাড়ি খুলনাতে হলেও দলে শ্যামনগরেরও কয়েকজন রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত