
চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ছুটির দিনেও মাঠে নেমেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক পরিদর্শন ও অভিযান চালিয়ে পার্কিং ব্যবস্থাপনা, সড়ক দখল এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়গুলো পর্যালোচনা করেন তিনি।
অভিযানকালে নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকা এবং সড়কের ওপর যানবাহন রাখার কারণে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন সিডিএ চেয়ারম্যান। এ সময় সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানকে দ্রুত যথাযথ পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের অন্যতম কারণ অপরিকল্পিত পার্কিং। কোনো প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকলে তার প্রভাব পুরো সড়ক ব্যবস্থাপনায় পড়ে। তাই নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারণে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে দেওয়া হবে না। সিডিএ চেয়ারম্যানের এ ধরনের মাঠপর্যায়ের তৎপরতার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং যানজট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ, চট্টগ্রাম


