
ফেনীর দাগনভূঁইঞা উপজেলায় সংঘবদ্ধ চোরচক্রের পরিকল্পিত মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বসুরহাট রোডে হাজী ক্লিনিকের পেছনে অবস্থিত গিয়াস উদ্দিন ম্যানসন এর ভবন থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ওই ভবনের বাসিন্দা মো. হাসানুল বান্না নামে এক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভুক্তভোগী জানান, সকাল আনুমানিক ৯টার দিকে বাসার নিচে গিয়ে তিনি মোটরসাইকেলটি না পেয়ে বিষয়টি টের পান। পরে খোঁজ নিয়ে জানা যায়, চোরচক্র পাশের ভবন থেকে এসে প্রথমে সিসি ক্যামেরার ওপর টেপ লাগিয়ে তা অচল করে দেয়। এরপর শাবল দিয়ে মোটরসাইকেলের শিকল ও ভবনের মূল গেটের দুটি তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ভোরের সময় কয়েকজন আশপাশের বাসিন্দা শব্দ পেলেও বিষয়টি গুরুত্ব না দেওয়ায় চোরেরা নির্বিঘ্নে পালাতে সক্ষম হয়।চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ফেনী-হ-১৩-২৮৮২, যা লাল রঙের ১১০ সিসি মোটরসাইকেল।
ঘটনার পর ভবনের মালিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভুক্তভোগী মো. হাসানুল বান্না সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


