
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে নিউজগার্ডেনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তিনি বলেন, সংবাদমাধ্যম জাতির পথপ্রদর্শক ও জাতির বিবেক। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সুষ্ঠু সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দুর্নীতি-অপরাধ প্রতিরোধে সহায়ক।
তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশার প্রথম ও প্রধান শর্ত হলো সততা ও দায়িত্বশীলতা। সৎ, মেধাবী ও নির্ভীক সাংবাদিকই জাতির পথপ্রদর্শক। সংবাদপত্র সরকার পরিচালনার চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজসেবার একটি আধুনিক রূপ। দেশ ও জাতি গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদার শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজগার্ডেনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম আহমেদ হোসাইন। গীতিকার ও সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আবু সুফিয়ান।
এসময় তিনি বলেন, সাংবাদিকের মুখ্য ও পবিত্র দায়িত্ব হলো চলমান ঘটনা ও বাস্তবতাকে সঠিকভাবে তুলে ধরা। সাংবাদিকতার সঙ্গে যদি পেশাগত নেশা ও দায়বদ্ধতা না থাকে, তাহলে সংবাদের গভীরতা ও সত্যনিষ্ঠা হারিয়ে যায়। সাংবাদিকের দৃষ্টিভঙ্গি, মানসিকতা ও নৈতিকতার ওপরই নির্ভর করে একটি সংবাদ কতটা বস্তুনিষ্ঠ হবে। অসৎ ও দায়িত্বহীন সাংবাদিকতা শুধু এই পেশার জন্য নয়, সমাজ ও জাতির জন্যও ক্ষতিকর।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ বলেন, সাংবাদিক ও জনগণকে ভারতীয় আধিপত্যবাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দেড় দশক ধরে স্বৈরশাসন ও বিদেশি আধিপত্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছিল।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি বলেন, ভারতীয় আধিপত্য বিস্তারের সুযোগ দিয়ে বিগত সরকার মানুষের ওপর নিপীড়ন-নির্যাতন, গুম, খুন, মামলা ও গ্রেপ্তারের রাজনীতি চালিয়েছে।
বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মাঈনুদ্দিন কাদেরী শওকত বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত স্বার্থবিরোধী চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ ও পর্যালোচনা করা জরুরি। দেশের মানুষ আর কোনো ধরনের অন্যায় আধিপত্য মেনে নেবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মুস্তফা নঈম, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, দৈনিক দিনকালের ব্যুরোচীফ হাসান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে নিউজগার্ডেনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


