শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

মা হচ্ছেন শবনম বুবলী? গুজব বলে উড়িয়ে দিলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে চাউর হয়েছে মা হওয়ার গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভারতীয় কয়েকটি অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমের প্রতিবেদনের সূত্র ধরে দাবি করা হয়, বুবলী নাকি আবারও অন্তঃসত্ত্বা। এমনকি সন্তানের বাবা হিসেবে সুপারস্টার শাকিব খানের নামও উল্লেখ করা হয় ওই সব খবরে।

সম্প্রতি দেশের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নৃত্য পরিবেশন করেন শবনম বুবলী। অনুষ্ঠানে ঘাগরা পরিহিত অবস্থায় দর্শক-অনুরাগীদের সঙ্গে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখেই নেটিজেনদের একাংশ দাবি তোলে, বুবলী অন্তঃসত্ত্বা। সেই দাবি ঘিরেই ভারতীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করে শবনম বুবলী স্পষ্টভাবে জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ গুজব। তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের গুজব ছড়ানো হয়। এবারের খবরটিরও কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ মিথ্যা।”

উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর সম্পর্ক ও সংসারজীবন নিয়ে অতীতেও নানা আলোচনা ও সমালোচনা হয়েছে। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তারা সন্তানের বাবা-মা হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের ছবি প্রকাশ করে জানান, তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ না করায় বিতর্ক আরও ঘনীভূত হয়। পরবর্তীতে সন্তানসহ গণমাধ্যমের সামনে এসে শাকিব খানকেই নিজের স্বামী হিসেবে পরিচয় দেন বুবলী।

এই অতীত প্রেক্ষাপটের কারণেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সব জল্পনা-কল্পনার অবসান টেনে অভিনেত্রী নিজেই জানিয়ে দিয়েছেন—এ ধরনের খবরের কোনো সত্যতা নেই।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত