শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

নতুন বছরে বিয়ের পিঁড়িতে ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন ‘পাখি’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।পাত্র দেবমাল্য চক্রবর্তী। দীর্ঘ তিন বছরের প্রেমের পর এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল। পারিবারিক পরিসরে বারুইপুরে মধুমিতার এক আত্মীয়ের বাড়িতেই বসবে বিয়ের আসর।

ছোটপর্দা ও বড়পর্দার শুটিংয়ের ব্যস্ততার মাঝেই চলছে বিয়ের কেনাকাটা। অনেকেই নিজের বিয়েতে মায়ের বিয়ের বেনারসি পরতে পছন্দ করেন। তবে মধুমিতার ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। অভিনেত্রী জানান, মায়ের শাড়ি তিনি আগেও বহুবার পরেছেন। তাই মায়েরই নির্দেশ—বিয়েতে নতুন শাড়ি পরতে হবে।মধুমিতার ইচ্ছে, বিয়ের দিন লাল বেনারসি ও সোনার গয়নায় নিজেকে সাজাবেন। পুরোপুরি বাঙালি রীতি মেনেই হবে বিয়ে। হলুদ কিংবা সঙ্গীত অনুষ্ঠানের আলাদা আয়োজন নাও থাকতে পারে।তবে রিসেপশনে পোশাকে স্বাদবদল ঘটাতে পারেন অভিনেত্রী। সে ক্ষেত্রে লেহঙ্গা কিংবা পা-ছোঁয়া গাউন পরার ভাবনাও রয়েছে তার।

ইতোমধ্যে বিয়ের কার্ড তৈরি হয়ে গেছে, মেন্যুও প্রায় চূড়ান্ত। কাজের ফাঁকে ফাঁকে চলছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। বিয়ের খাবারদাবার প্রসঙ্গে মধুমিতা জানান, তিনি বাঙালি খাবার ভীষণ ভালোবাসেন। তাই মেন্যুতে চিংড়ি ও পাঁঠার মাংস থাকছেই।অভিনেত্রী বলেন, “নলেন গুড় আমার খুব প্রিয়। তাই নলেন গুড়ের কোনো একটা পদ তো থাকবেই। এখনই সবটা বলতে চাইছি না।”বিয়ের দিন যত এগিয়ে আসছে, ততই একটু ভয় বাড়ছে বলে জানিয়েছেন মধুমিতা। তিনি বলেন, “আমি আর দেবমাল্য দুই বাড়িতেই অনেক ছোট। আমাদের উপরে অনেক দায়িত্ব। তাই একটু চিন্তা তো হচ্ছেই।”বিয়ে উপলক্ষে লম্বা ছুটি নেওয়ার পরিকল্পনাও রয়েছে অভিনেত্রীর। সেই সময়েই মধুচন্দ্রিমা সেরে আসতে পারেন তারা। তবে কোথায় যাবেন, তা এখনই প্রকাশ করতে চান না মধুমিতা। মুচকি হেসে তার পাল্টা প্রশ্ন, “এখনই সব বলে দিলে বিয়ে নিয়ে কারও আগ্রহ থাকবে?”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত