শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। দুই দিনব্যাপী এই ক্রীড়া আয়োজন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ণিল সাজে সজ্জিত মূল মঞ্চে রঙিন ব্যানার, অলিম্পিক রিংয়ের প্রতীক ও দৌড়বিদদের প্রাণবন্ত চিত্র প্রতিযোগিতার আবহকে আরও আকর্ষণীয় করে তোলে। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও একঝাঁক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়, যা খেলাধুলার চেতনা, শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে উপস্থিত সকলের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ও বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি জনাব মোঃ সুবক্তগীণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোঃ নাজমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) জনাব আল ফাত্তাহ মাসুদুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পশ্চিম) জনাব মোঃ ফরিদ উদ্দিনসহ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন বলেন,“নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। কর্মক্ষেত্রে দক্ষতা, পেশাগত উৎকর্ষতা ও ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টিতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা বৃদ্ধি করে এবং একটি সুস্থ, কর্মক্ষম ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।
ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন জোন ও বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে। খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত