
সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করতে চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ খুলশী রোড ও মনসুরাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
অভিযানকালে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ২টি মামলা দায়ের করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিটের শর্ত ভঙ্গ করায় ৭টি হিউম্যান হলার ডাম্পিং করা হয়।
ডাম্পিংকৃত যানগুলোর নম্বর হলো— চট্টমেট্রো-ফ-১১-১৬৭৩, ২৫৩৬, ২৬৭৫, ২২৮৩, ১৯৯৮, ০২৮৬ ও ২৬৯০।
বিআরটিএ সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


