
চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকার চটেশ্বরী রোডে অবস্থিত ‘মিষ্টিমুখ সুইটস কারখানা’-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সোনিয়া হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ও পঁচা-বাশি খাদ্যপণ্য সংরক্ষণ এবং খাদ্যপণ্যের মোড়কীকরণে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিংসহ নানা অনিয়ম পরিলক্ষিত হয়।
এ কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
মোবাইল কোর্ট কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং চকবাজার থানা, সিএমপি’র একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


