শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

‘ওসিডি’র ট্রেলারে প্রতিশোধপরায়ণ জয়া আহসান, চমকে দিলেন দর্শকদের

নিজস্ব প্রতিবেদক

বরাবরই শান্ত স্বভাব ও প্রকৃতিপ্রেমী চরিত্রে দর্শকদের কাছে পরিচিত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে চলতি বছরে এসে একেবারেই ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। প্রতিশোধপরায়ণ ও হিংস্র এক জয়ার দেখা মিলেছে তার অভিনীত কলকাতার নতুন সিনেমা ‘ওসিডি’র ট্রেলারে।ট্রেলারে জয়া আহসানকে বলতে শোনা যায়, “যতক্ষণ আছে প্রাণ, সরাবেন পৃথিবীর জঞ্জাল!”। ট্রেলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লেখেন, “পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।”—যা দর্শকদের মধ্যে বাড়িয়ে দেয় কৌতূহল।

আজ (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ওসিডি’র ট্রেলার। মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ঝলকেই প্রতিশোধ, অন্ধকার মানসিকতা ও রহস্যের আবহে দর্শকদের চমকে দিয়েছেন জয়া আহসান। পুরো ট্রেলারজুড়েই রয়েছে প্রতিশোধের তীব্র ছাপ।‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার একটি জটিল মানসিক সমস্যা, যা ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তির জীবনকে গ্রাস করে নেয়। পরিচালক সৌকর্য ঘোষাল এই মানসিক ব্যাধির সঙ্গে যুক্ত করেছেন শৈশবের ভয়ংকর ট্রমা ও অপরাধপ্রবণতার সম্পর্ক। ট্রেলার ইঙ্গিত দেয়—শৈশবের এক অনভিপ্রেত অভিজ্ঞতা কীভাবে পরিচ্ছন্নতার নেশার সঙ্গে মিশে জন্ম দেয় একের পর এক অপরাধের।

ট্রেলারে উঠে আসে এক নির্মম বাস্তবতা—শৈশবের দুঃসহ অভিজ্ঞতা, লিঙ্গনির্বিশেষে, একজন মানুষের মনোজগতে গভীর ক্ষত সৃষ্টি করে, যা থেকে জন্ম নিতে পারে ভয়ংকর অপরাধপ্রবণ মানসিকতা। জয়া আহসানের চরিত্রের মধ্য দিয়েই সেই বাস্তবতা তুলে ধরেছেন নির্মাতারা।সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে। বাহ্যিকভাবে পরিপাটি ও সংযত হলেও তার জীবনের গভীরে লুকিয়ে রয়েছে এক অন্ধকার অতীত। শৈশবের সেই স্মৃতি তাকে তাড়া করে ফেরে প্রতিনিয়ত। নাটকীয় মোড় নেয় গল্প, যখন এক রোগী আচমকাই শ্বেতার সেই গোপন অতীত জেনে যায়—আর তার পরিণতি হয় ভয়াবহ।

সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’তে শ্বেতার শেষ পরিণতি কী—তার উত্তর মিলবে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে।এই সিনেমার মাধ্যমেই ছোট পর্দার জনপ্রিয় মুখ ‘ভূতু’ খ্যাত আর্শিয়া মুখোপাধ্যায় বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, কলকাতার কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত