শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

এই সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডিপি ওয়ার্ল্ড আমাদের কাছে কিছু সময় চেয়েছে। কিন্তু আমাদের হাতে এখন মাত্র দুইটি কার্যদিবস বাকি রয়েছে। এই সময়ের মধ্যে কোনোভাবেই চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়।’তিনি আরও বলেন, ‘প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়েছিল। গত এক মাসে এসে বিষয়টি চূড়ান্ত বোঝাপড়ার পর্যায়ে পৌঁছায়। তবে এখনো আলোচনা চলমান রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টরা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিষয়টি সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন।’এদিকে এনসিটি ইজারা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।কর্মবিরতির কারণে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙর (আউটার লাইটারেজ) এলাকাসহ বন্দরের সব স্থানে পণ্য খালাস ও পরিচালন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বন্দরের ৪ নম্বর গেটসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের ভেতরে যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেয়। তবে আন্দোলনকারীরা ওই সভায় যোগ দিতে অস্বীকৃতি জানান।চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, ‘সকাল ৮টা থেকে বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম বলেন, ‘বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।এনসিটি ইজারা বাতিলের পাশাপাশি সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সব ধরনের আইনি হয়রানি প্রত্যাহার।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত